ক্রমেই মোবাইল খাতকে দুর্বল করছে সরকার : এমটব

১১ জুন, ২০২০ ১৯:০৪  
মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ) বলেছেন, দেশের অর্থনীতিতে মোবাইল টেলিকম খাতের অবদান যত উল্লেখযোগ্যই হোক না কেন, সরকার নিয়মিতভাবে প্রতিবছর এই খাতের উপর আরও বেশি করে করের বোঝা চাপিয়ে একে আরও দুর্বল করে তুলছে; গ্রাহকদের উপর ফেলছে বাড়তি চাপ। ফলে দেশের জিডিপিতে মোবাইলের বর্তমান অবদান ৭% থেকে যে দুই অংকের ঘরে যাওয়ার কথা বলা হয়েছিল তা আর অর্জিত না-ও হতে পারে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ সালের বাজেট প্রস্তাবের পর এম প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এ বছর সরকার মোবাইলের মাধ্যমে প্রাপ্ত সকল রকম সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করেছে যা অত্যন্ত হতাশাজনক। এর ফলে গ্রাহকদের উপর বাড়তি চাপ পড়বে। এ বিষয়ে এস আর ও জারি হওয়ায় তা আজ দিবাগত রাত ১২ টার পর থেকেই কার্যকর হবে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমনিতেই মানুষদের মধ্যে যখন নাভিশ্বাস উঠেছে, মোবাইল মাধ্যম হয়ে উঠেছে সব যোগাযোগের মূল চালিকা ও দেশ ডিজিটাল ইকনোমির দিকে এগিয়ে চলছে; ঠিক সে সময় এ ধরনের করের বোঝা কোনভাবেই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না। এ বোঝা দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে উঠবে যা করোনাভাইরাস সঙ্কটের কারণে আরও বাড়বে। এতে মোবাইল শিল্প খাত আরও বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্বল হবে- যোগ করেন এমটব মহাসচিব।